সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ উঠেছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৮ হাজার টাকা করে চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকেরা। তবে এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে এক মেধাবী শিক্ষার্থীর ফরম পূরণের ব্যবস্থা করা হয়েছে।
অভিভাবকদের ভাষ্য অনুযায়ী, সরকার নির্ধারিত ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগে ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৩১৫ টাকা লাগার কথা। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ সব বিভাগের শিক্ষার্থীদের কাছে ৮ হাজার টাকা দাবি করছে। এতে বিভাগভেদে নির্ধারিত ফির চেয়ে ৫ হাজার ৫৬৫ থেকে ৫ হাজার ৬৮৫ টাকা পর্যন্ত বেশি চাওয়া হচ্ছে।
ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রথম রোলধারী শিক্ষার্থী ছামিহা ইসলামের বাবা সোহরাব হোসেন বলেন, নির্বাচনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ার পর মেয়ের ফরম পূরণ করতে গেলে ৮ হাজার টাকা দাবি করা হয়। আর্থিক সংকটের কারণে ৩ হাজার ৫০০ টাকা দিতে চাইলেও ফরম পূরণ করা হয়নি। পরে বিষয়টি ইউএনও খোন্দকার মাহমুদ হাসানের নজরে আনলে তিনি ব্যক্তিগত উদ্যোগে ছামিহার ফরম পূরণের ব্যবস্থা করেন।
অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করে বাসাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল বলেন, ফরম পূরণের পাশাপাশি তিন মাসের অগ্রিম কোচিং ফি, মডেল টেস্ট ফি ও অনলাইন ফি মিলিয়ে মোট ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদ্যালয়ে আবেদন করলে অনেক শিক্ষার্থী কম টাকা দিয়েও ফরম পূরণ করতে পারছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার বলেন, অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নির্ধারিত ফির বাইরে টাকা নেওয়ার সুযোগ নেই। কেউ নিলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদ হাসান বলেন, সরকার নির্ধারিত ফির বাইরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না। নিয়মের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আবেদনকারী মেধাবী শিক্ষার্থীর ফরম পূরণের ব্যবস্থা আমি ব্যক্তিগত উদ্যোগে করে দিয়েছি।