নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে মেঘনা ও গোমতী নদীর ওপর নির্মিত পুরাতন সেতুতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সংস্কারের লক্ষ্যে সাময়িক ভাবে যানচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ।
সওজ সূত্রে জানা যায়, সেতুর দাউদকান্দি অংশে গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার বেয়ারিং প্যাডের যন্ত্রাংশে ত্রুটি ধরা পড়েছে। ফলে ভারী ট্রাক, বাস ও কাভার্ডভ্যান চলাচলের সময় সেতুতে কম্পন সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি হঠাৎ ব্রেক কিংবা ওভারটেকের সময় যানবাহনের ভারসাম্য হারিয়ে বড় ধরনের সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। বড় দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তার স্বার্থে সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, দাউদকান্দি অংশে বেয়ারিং প্যাডের ত্রুটি দেখা দেওয়ায় ঝুঁকি এড়াতে রোববার বিকেল ৫টা থেকে সাময়িক ভাবে সেতু বন্ধ করা হয়েছে। বর্তমানে নতুন সেতু দিয়ে দুই লেনে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সেতুটি কতদিন বন্ধ থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মঙ্গলবার প্রধান কার্যালয় থেকে একটি কারিগরি টিম সেতুটি পরিদর্শন করবে। পরিদর্শনের পর সংস্কারকাজ শেষ হতে কতদিন লাগবে, তা নির্ধারণ করা যাবে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমদাস রায় জানান, সেতু বন্ধ করার বিষয়টি তারা অবগত আছেন। তবে সংস্কারের জন্য ঠিক কতদিন সেতুটি বন্ধ থাকবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে নির্মিত দুই লেনের এই সেতুতে মোট ১৭টি স্প্যান রয়েছে এবং প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার যানবাহন চলাচল করে। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর সংস্কারকাজের জন্য সেতুটি সাময়িক বন্ধ ঘোষণা করেছিল সওজ নারায়ণগঞ্জ। প্রায় এক মাস রক্ষণাবেক্ষণ ও কারিগরি কাজ শেষে সেতুটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল।