মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● খেলার মাঠে তরুণদের ফেরাতে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ ● গজারিয়ায় মহাসড়কে গাছ কেটে অবরোধের ঘটনায় মামলা. ● সিরাজদীখানে এসএসসি ফরম পূরণে ৮ হাজার টাকা দাবির অভিযোগ ● মেঘনা ও গোমতী সেতুর বেয়ারিং প্যাডে ত্রুটি, যান চলাচল বন্ধ. ● সিরাজদীখানে প্রথমবারের মতো ৬০ কৃষক পেলেন রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ ● গজারিয়ায় ভাড়া কক্ষে চলছে প্রাইভেট বাণিজ্য. ● শ্রীনগরে ছেলেকে ‘বাজে আড্ডায়’ যেতে নিষেধ করায় বাবা-মাসহ ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ● উৎপাদন খরচ ১৪০০ টাকা, বিক্রি করতে হচ্ছে ৬৫০ টাকায় বস্তাপ্রতি ৭৫০ টাকা লোকসানে আলুর রাজ্যে আর্থিক বিপর্যয় ● জেলার স্কাউটিং কার্যক্রমকে গতিশীল করতে সিদ্ধান্ত গ্রহণ ● প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রতিটি দিবস সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার নির্দেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উৎপাদন খরচ ১৪০০ টাকা, বিক্রি করতে হচ্ছে ৬৫০ টাকায় বস্তাপ্রতি ৭৫০ টাকা লোকসানে আলুর রাজ্যে আর্থিক বিপর্যয়

কাজী দীপু ও আবু সাঈদ দেওয়ান সৌরভ

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৬:২৪ এ এম
উৎপাদন খরচ ১৪০০ টাকা, বিক্রি করতে হচ্ছে ৬৫০ টাকায়  বস্তাপ্রতি ৭৫০ টাকা লোকসানে আলুর রাজ্যে আর্থিক বিপর্যয়

উৎপাদন খরচ ১৪০০ টাকা, বিক্রি করতে হচ্ছে ৬৫০ টাকায়

বস্তাপ্রতি ৭৫০ টাকা লোকসানে আলুর রাজ্যে আর্থিক বিপর্যয়

🔹৯৭ হাজার ৫১২ মেট্রিক টন খাবার আলু নিয়ে বিপাকে
🔸কৃষক ও ব্যবসায়ীদের লোকসান হবে ১২৭ থেকে ১৩৬ কোটি টাকা

 

গত বছর আলু মজুদ করে লোকসানের মুখে পড়া মো. হারুন মিয়া এবার মজুদ ব্যবসা ছেড়ে খুচরা ব্যবসা করছেন। তিনি বলেন, গত বছর আলুতে অনেক টাকা লোকসান হয়েছে। সেই ঋণের বোঝা এখনো মাথায় রয়েছে। তাই এবার আর ঝুঁকি নিয়ে আলু মজুদ করিনি। হিমাগার থেকে আলু কিনে বিভিন্ন আড়তে বিক্রি করছি। এবার মৌসুমের শুরু থেকেই বুঝতে পেরেছিলাম, আলুতে লোকসান হবে।

অপরদিকে আলু ব্যবসায়ী মাহাবুব বলেন, মৌসুমের শুরুতে বস্তাপ্রতি ১১০০ টাকা দরে আলু কিনেছিলাম। তারপর সংরক্ষণে হিমাগার ভাড়া ৩০০ টাকা মিলে বস্তা প্রতি খরচ হয় ১৪০০ টাকা। অথচ সেই আলু এখন বিক্রি করছি মাত্র ৬৫০ টাকায়। বস্তাপ্রতি ৭৫০ টাকা লোকসান। একই কথা জানালেন আলী হোসেন নামের আরেক ব্যবসায়ী। তিনিও ১৪০০ টাকা বস্তা প্রতি খরচ করে সেই আলুতে ৭৫০ টাকা লোকসান দিয়ে এখন ৬৫০টাকা দরে বিক্রি করতে হচ্ছে। গত তিন বছর ধরে আলুতে লোকসান করে এখন ঋনের বোঝা মাথায় নিয়ে অন্ধকার দেখছি। উপরের এই চিত্র দেশের অন্যতম আলু উৎপাদনকারী অঞ্চল ও আলুর রাজধানীখ্যাত মুন্সীগঞ্জ জেলার।

এবার আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন এ জেলার কৃষক ও ব্যবসায়ীরা। অধিক ফলন হলেও বাজারে দাম না থাকায় লাভ তো দুরের কথা উৎপাদন খরচই উঠাতে পারছে না কৃষক ও ব্যবসায়ীরা। প্রতি কেজি আলুতে ১৪ টাকা ও বস্তা প্রতি ৭৫০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। এর মধ্যে হিমাগারে সংরক্ষিত আলু নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আগামী ১ ডিসেম্বর হিমাগারে আলু সংরক্ষণের সময়সীমা শেষ। তার আগেই হিমাগার থাকা আলু সরিয়ে ফেলতে হবে। বর্তমানে জেলার একাধিক হিমাগারে মজুদ রয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪২৪ মেট্রিক টন আলু। এর মধ্যে বীজ আলু ৬৮ হাজার ৯১২ মেট্রিক টন এবং খাবার আলু ৯৭ হাজার ৫১২ মেট্রিক টন।

এই বিপুল পরিমান আলু কি করবে, তা ভেবে দিশেহারা কৃষক ও ব্যবসায়ীরা। লোকসানের সঙ্গে যুক্ত হয়েছে ঋণের বোঝা। সব মিলিয়ে মুন্সীগঞ্জের ৬টি উপজেলার আলুচাষি ও ব্যবসায়ীদের পরিবারে বিরাজ করছে হাহাকার।

জানা গেছে, বর্তমানে মুন্সীগঞ্জে পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৪ টাকা দরে। খুচরা বাজারে একই আলুর দাম ১৮ থেকে ২০ টাকা। তবে কৃষকরা পাইকারদের কাছে আলু বিক্রি করায় খুচরা বাজারের বাড়তি দামের কোনো সুবিধা পাচ্ছেন না।

কৃষকদের হিসাবে, প্রতি কেজি আলু উৎপাদনেই খরচ হয়েছে ১৬ থেকে ১৮ টাকা। এর সঙ্গে পরিবহন, শ্রমিকের মজুরি ও হিমাগার ভাড়া যোগ করলে খরচ দঁাড়ায় ২৬ থেকে ২৭ টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে ১৩ থেকে ১৪ টাকায়। ফলে প্রতি কেজিতে লোকসান হচ্ছে ১৩ থেকে ১৪ টাকা। জেলায় বর্তমান বাজারদর ও প্রতি কেজিতে লোকসানের হিসাব বিবেচনায় শুধু খাবার আলুতে সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১২৭ থেকে ১৩৭ কোটি টাকা। এই পরিস্থিতিতে বিগত বছরের মতো এবারও আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে কৃষক ও ব্যবসায়ীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মুন্সীগঞ্জের ৬টি উপজেলায় ৩৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এতে উৎপাদন হয়েছে ১১ লাখ ১২ হাজার ৯৩২ মেট্রিক টন আলু। জেলায় আলু সংরক্ষণের জন্য ৭৪টি হিমাগারের মধ্যে সচল থাকা ৬০টি হিমাগারের ধারণক্ষমতা ৫ লাখ ৬০ হাজার মেট্রিক টন।
কৃষকরা জানায়, উৎপাদিত আলুর অর্ধেকেরও বেশি সংরক্ষণের বাইরে থেকে যায়। মুন্সীগঞ্জে আলু উত্তোলন শুরু করার আগেই রংপুরসহ উত্তরাঞ্চলের আলু সংরক্ষণ করে হিমাগারের ৭০ ভাগ জায়গা ভরে যায়। বাকী থাকা ৩০ ভাগ জায়গায় মুন্সীগঞ্জের কৃষকরা তাদের আলু সংরক্ষণ করতে পারে। এই অবস্থায় বিপুল পরিমাণ আলু সংরক্ষণে হিমাগারে জায়গা না পেয়ে কৃষককূল বাড়ির মাচায় আলু সংরক্ষণ করেন। দীর্ঘদিন মাচায় রাখার কারণে এসব আলুর একটি অংশে পচন ধরায় বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়েছে তাদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হাবিবুর রহমান বলেন, শুরুতে জেলার হিমাগার গুলোতে প্রায় সাড়ে ৫ লাখ মেট্রিক টন আলু মজুদ ছিল। বর্তমানে রয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪২৪ মেট্রিক টন। এর মধ্যে প্রায় ৬৮ হাজার ৯১২ মেট্রিক টন বীজ আলু। বাকী খাবার আলু। তিনি বলেন, বর্তমানে আলুর মূল্য কম, তাই কৃষকের লোকসান কমাতে আলু নিয়ে করণীয় বিষয়ে লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। আলু উৎপাদনের খরচ কমাতে ও রপ্তানি যোগ্য আলু উৎপাদনে নানা কার্যক্রম গ্রহন করা হয়েছে।

৯৭ হাজার ৫১২ মেট্রিক টন খাবার আলু নিয়ে দিশেহারা

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে কৃষক ও মজুদ ব্যবসায়ীরা প্রায় সাড়ে ৫ লাখ মেট্রিক টন আলু হিমাগারে সংরক্ষণ করেছেন। এর মধ্যে ৪ লাখ ৭৪ হাজার মেট্রিক টন খাবার আলু এবং ৭৬ হাজার মেট্রিক টন বীজ আলু। তবে সর্বশেষ ২০ নভেম্বর পর্যন্ত জেলার হিমাগার গুলোতে ১ লাখ ৬৬ হাজার ৪২৪ মেট্রিক টন আলু সংরক্ষণ রয়েছে। এর মধ্যে খাবার আলু ৯৭ হাজার ৫১২ মেট্রিক টন এবং বীজ আলু ৬৮ হাজার ৯১২ মেট্রিক টন।

বর্তমান পাইকারি বাজারদর ও প্রতি কেজিতে ১৩ থেকে ১৪ টাকা লোকসানের হিসাব ধরে শুধু খাবার আলুর ৯৭ হাজার ৫১২ মেট্রিক টন মজুদে সম্ভাব্য লোকসানের পরিমাণ দাঁড়ায় ১২৬ কোটি ৭৭ লাখ থেকে ১৩৬ কোটি ৫২ লাখ টাকা।

ঋণের বোঝায় দিশেহারা কৃষক ও ব্যবসায়ীরা


গত মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার আশায় এবার অনেক কৃষক ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। কেউ কেউ গবাদিপশু ও জমিজমা বন্ধক রেখেও বিনিয়োগ করেন। কিন্তু টানা দ্বিতীয়বারের মতো লোকসানের মুখে পড়ে এখন তাঁদের অনেকেরই পথে বসার উপক্রম হয়েছে।
কৃষক মোহাম্মদ জসিমুদ্দিন নিজের দুরবস্থার কথা তুলে ধরে বলেন, ‘৩ হাজার বস্তা আলু হিমাগারে রাখতে আমার ৩৩ লাখ টাকা খরচ হয়েছিল। এখন তা বিক্রি করে মাত্র ৩ লাখ টাকা পেয়েছি। সব মিলিয়ে ১৪ লাখ টাকা ঋণী হয়ে গেছি। ব্যাংক ও এনজিওর কিস্তির চাপে এখন বাড়িছাড়া হওয়ার উপক্রম।

আরেক ব্যবসায়ী আলী হোসেম জানান, ১২ লাখ টাকা খরচ হলেও ১ হাজার বস্তা আলু বিক্রি করে হাতে পেয়েছি মাত্র ১ লাখ টাকা। আর লোকসান হচ্ছে ১১ লাখ টাকা। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় আড়তে আলু পাঠিয়েও কাঙ্ক্ষিত ক্রেতা পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও আড়তদারদের আলু ফেলে দিয়েও লোকসান কমানোর চেষ্টা করতে হচ্ছে।

লোকসানের মুখে হিমাগার মালিকেরাও

বিশেষ প্রতিবেদক
আলুর দরপতনে শুধু কৃষক নন, বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন হিমাগার মালিকেরাও। হিমাগারে আলু সংরক্ষণের সময় কৃষকদের বস্তাপ্রতি ২০০ টাকা করে ঋণ দেওয়া হয়েছিল। এর সঙ্গে ৩০০ টাকা হিমাগার ভাড়া যুক্ত হয়ে প্রতি বস্তায় মালিকদের পাওনা দাঁড়িয়েছে ৫০০ টাকা। অথচ বর্তমানে হিমাগার পর্যায়ে এক বস্তা আলু যে দামে বিক্রি হচ্ছে
তা দিয়ে হিমাগারের পাওনা পরিশোধ করতে পারছে না অনেক কৃষক।

দেওয়ান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজের ম্যানেজার মো. ইব্রাহিম ও অফিস সহকারী মোহাম্মদ আহসানুল হাবিব জানান, তাঁদের হিমাগারে সংরক্ষণ করা আলু ৩০ নভেম্বরের মধ্যে আলু খালাস করতে বলা হয়েছে। কিন্তু যেই পরিস্থিতি ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও আলু অবিক্রিত থেকে যাবে।

তাঁরা জানান, বস্তাপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা লোকসানের পাশাপাশি চড়া বিদ্যুৎ বিল ও রক্ষণাবেক্ষণ খরচ বহন করতে হচ্ছে। এতে ব্যাংক ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে লোকসানের ভয়ে অনেক কৃষক হিমাগার থেকে আলু তুলতে আসছেন না।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)