জুয়েল দেওয়ান, গজারিয়া.
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শনের সরকারি নির্দেশনা থাকলেও তা মানছেন না অধিকাংশ ব্যবসায়ী। দোকানে মূল্য তালিকা না থাকায় ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমতো দাম নেওয়ার অভিযোগ উঠেছে। এতে একই পণ্যের দাম দোকানভেদে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত পার্থক্য দেখা যাচ্ছে। ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা।
গতকাল বুধবার উপজেলার ভবেরচর, দাসকান্দি ও হোসেন্দী বাজার সরেজমিন ঘুরে দেখা যায়, সবজি, মাছ, মাংস, ফলমূল, মুদি সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অধিকাংশ দোকানেই মূল্য তালিকা টাঙানো নেই। ফলে পণ্যের নির্ধারিত দাম সম্পর্কে ধারণা না থাকায় ক্রেতাদের দোকানিদের মুখের কথার ওপর নির্ভর করতে হচ্ছে।
জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় দোকান বা প্রতিষ্ঠানে সহজে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। অথচ আইনের এমন বিধান থাকলেও গজারিয়ার বাজারগুলোতে এর যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। সরকারি নির্দেশনা অমান্য করে অধিকাংশ ব্যবসায়ী মূল্য তালিকা ছাড়াই পণ্য বিক্রি করছেন।
ভবেরচর বাজারে কেনাকাটা করতে আসা দিনমজুর মজিবুর বলেন, এক দোকানে আলু ২০ টাকা, পাশের দোকানে ২৫ টাকা। দাম জিজ্ঞেস করলেই অনেকে বিরক্ত হন। দোকানে মূল্য তালিকা থাকলে এমন সমস্যায় পড়তে হতো না।
গৃহিণী জমিলা বেগম বলেন, মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো দাম নেন। তেল, আটা, লবণসহ প্রায় সব পণ্যের দাম দোকান ভেদে আলাদা। সাধারণ ক্রেতারা বুঝতেই পারেন না কোন পণ্যের প্রকৃত দাম কত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, পাইকারি বাজারে সবজির দাম প্রতিদিন ওঠানামা করে। তাই প্রতিদিন মূল্য তালিকা তৈরি ও সংশোধন করা কঠিন। তবে আমরা পণ্যের অতিরিক্ত দাম নিই না।
এক মাছ ব্যবসায়ী বলেন, মাছের বাজারদর প্রতিনিয়ত পরিবর্তন হয়। সকালে এক দাম থাকলেও বিকেলে তা পরিবর্তন হয়ে যায়। এ ছাড়া অনেক সময় নির্ধারিত দামের চেয়েও কম দামে মাছ বিক্রি করতে হয়। তাই প্রতিদিন মূল্য তালিকা সংশোধন করা আমাদের জন্য কঠিন। তবে ব্যবসায়ীদের একাংশ স্বীকার করেন, দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা তাদের দায়িত্ব ও বাধ্যবাধকতা।
সচেতন মহলের মতে, বাজারে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা গেলে ক্রেতারা পণ্যের দাম সম্পর্কে আগাম ধারণা পাবেন। এতে ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতা কমার পাশাপাশি ক্রেতা বিক্রেতার মধ্যে অযাচিত দর-কষাকষি ও বিরোধও কমবে। এ জন্য বাজার মনিটরিং জোরদার এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় শিক্ষক মোস্তফা কামাল শিকদার বলেন, মূল্য তালিকা না থাকলে অসাধু ব্যবসায়ীরা এর সুযোগ নেবেন, এটাই স্বাভাবিক। নিয়মিত বাজার তদারকি ছাড়া ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব নয়। প্রশাসনের উচিত, যারা সরকারি নির্দেশনা মানছেন না, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া বলেন, প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।