এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী বাড়ৈখালী বাজার সেতু ঘেঁষে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে একটি হোটেল নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে খালের ওপর নির্মিত সেতুর গা ঘেঁষে এভাবে স্থায়ী পাকা স্থাপনা তোলায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ৈখালী বাজারের প্রধান খালের ওপর এই গুরুত্বপূর্ণ সেতুটি অবস্থিত। সম্প্রতি সেতুর একদম পাশ ঘেঁষে আইন বহির্ভূতভাবে পাকা অবকাঠামো তৈরি করে এই হোটেলটি নির্মাণ করা হয়েছে। কোনো প্রকার ছাড়পত্র বা সরকারি অনুমোদন ছাড়াই কীভাবে সেতুর এতো কাছাকাছি স্থায়ী ভবন তোলা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, সেতুর দুই পাশের জায়গা দখল করে এই বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলায় ব্রিজের স্বাভাবিক সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি সংকুচিত হয়ে পড়েছে জনসাধারণের চলাচলের পথ। এর ফলে ভবিষ্যতে বড় কোনো যানবাহন চলাচল কিংবা সেতুর জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। পাশাপাশি বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থাও চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, "সেতুর একদম গা ঘেঁষেই যেভাবে পাকা হোটেল তোলা হয়েছে, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। প্রশাসনের উচিত অবিলম্বে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া।"
এই বিষয়ে জানতে শ্রীনগর উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঐতিহ্যবাহী বাড়ৈখালী বাজারের পরিবেশ রক্ষা এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত তদন্ত সাপেক্ষে এই অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনাটি অপসারণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।