সিরাজদীখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অনিয়ম ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের চৌরাস্তায় অবস্থিত হাসপাতালটিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
এ সময় নির্ধারিত নিয়মবহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. পারভেজকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, স্বাস্থ্যসেবার নামে কোনো প্রতিষ্ঠান যাতে অনিয়ম করতে না পারে, সে বিষয়ে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত নিয়ম মেনে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।