আহমেদ স্বপ্নীল
১০ মাস ২২ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৩১ জন
প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধিতে
মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হচ্ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল বুধবার ২২ নভেম্বর পর্যন্ত ১০ মাস ২২ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৭৩১ জন। এর মধ্যে জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ২৭৮৫ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে চিকিৎসা নেয় ৯৫৪ জন। জেলায় গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। একজন শিক্ষক, একজন আইনজীবী ও একজন বৃদ্ধ।
সিভিল সার্জন কার্যালয়ের ডে ওয়ারী রিপোর্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত ১০ মাস ২২ দিনে মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৭৩১ জনে দাড়িয়েছে। অন্যদিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরও ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ১৭ জন। আর ছাড়পত্র নিয়েছে ১০ জন। জেলায় প্রতিদিনই ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু রোগীর প্রতিবেদনে উঠে এসেছে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ চিত্র ।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা। এই পরিস্থিতিতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগীর চাপে তিল ধারণের ঠাঁই নেই। একাধিক রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছে। একই পরিস্থিতি জেলার অপর ৫টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও। সেখানেও ডেঙ্গু রোগীর সংখ্যা বেশী। এখনও তীব্র জ্বর, শরীর ব্যথা, বমি ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা।
পরিসংখ্যান বলছে, জুন মাস থেকেই মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়তে শুরু করেছে। মাসওয়ারী হিসেবে দেখা গেছে, জানুয়ারী মাসে ২৯ জন, ফেব্রুয়ারী মাসে ১৩ জন, মার্চ মাসে ২১ জন, এপ্রিল মাসে ৪৮ জন, মে মাসে ৪৪ জন, জুন মাসে ১৭২ জন, জুলাই মাসে ৫৫৬ জন, আগষ্ট মাসে ৯১৪ জন, সেপ্টেম্বর মাসে ৯৩৯ জন, অক্টোবর মাসে ৬৬২ জন আর নভেম্বর মাসের ২২ দিনে ৩৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ হিসেবে চলতি বছরে ১০ মাস ২২ দিনে আক্রান্ত হয়েছে ৩৭৩১ জন।
মুন্সীগঞ্জে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও নজরদারি অব্যাহত রয়েছে। তবে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হচ্ছে। এই পরিস্থিতিতে জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু শনাক্তে প্রয়োজনীয় পরীক্ষা করানোর পরামর্শ দেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম।
ডেঙ্গু আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২ হাজার ৭৮৫ জন
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত ১০ মাস ২২ দিনে ২৭৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন আরও ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৭ জন আর ছাড়পত্র নিয়েছে ১০ জন। দৈনিক ডেঙ্গু আক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরিফুজ্জামান বলেন, ডেঙ্গু আক্রান্ত সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রতিদিন নতুন রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। গুরুতর রোগীদের ঢাকার বিভিন্ন হাসপাতালে রেফার করা হচ্ছে।