মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, জর্দার রঙ হিসেবে নন-ফুড গ্রেড রঙ বিক্রি এবং বেকারি পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অনিয়ম পাওয়া যায়।
অভিযানকালে খাদিজা স্টোরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং জর্দার রঙ হিসেবে নন-ফুড গ্রেড রঙ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ জাহাঙ্গীর শেখকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, সাফা বেকারিতে পাউরুটি, কেক, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রি করা হলেও পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ করা হচ্ছিল না। এ অপরাধে বেকারিটির মালিক শামীম গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।