আপন সরদার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, দেশবিরোধী ষড়যন্ত্র, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির কেন্দ্র ঘোষিত চলমান কর্মসূচি সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা অডিটোরিয়ামে টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জামাল, উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন মোল্লা ও আকতার লাকুড়িয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন শেখ, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম, সাধারণ সম্পাদক কাইয়ুম ফকির, হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মনির হোসেন শেখ, সাধারণ সম্পাদক এম.এ. জামান এপোলো, উপজেলা যুবদলের আহবায়ক আনিসুর রহমান, সদস্য সচিব মহসিন খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, ছাত্রদল নেতা মাহবুব মল্লিক, তানভীর মল্লিক, আসিফ ঢালী ও শেখ শামীমসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত চলমান কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।