জুয়েল দেওয়ান,গজারিয়া.
গতকয়েক দিনের টানা বৃষ্টি ও অতিরিক্ত পণ্যবাহী যানবাহনের চাপে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও স্থানীয়রা।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, মহাসড়কের উভয় পাশের দড়ি বাউশিয়া, বাউশিয়া, ভবেরচর, ভিটিকান্দি, ভাটেরচর ও বালুয়াকান্দি এলাকার বিভিন্ন স্থানে পিচ উঠে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এসব গর্ত দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে দ্রুতগতির যানবাহন।
স্থানীয় ও পথচারীরা জানান, কয়েক দিনের টানা বৃষ্টির পর সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে। আগে যেসব স্থানে ছোট গর্ত ছিল, সেগুলো এখন বড় আকার ধারণ করেছে। প্রতিদিন ভারী যানবাহন চলাচলের কারণে গর্তগুলো আরও বিস্তৃত হচ্ছে। দ্রুত সংস্কার না করা হলে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।
তিশা পরিবহনের বাসচালক জামাল মিয়া বলেন, মহাসড়কের এসব গর্তে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। বিশেষ করে রাতে গর্তগুলো সহজে চোখে পড়ে না। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন। এ অংশে প্রায়ই জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়। কিন্তু কয়েক দিনের মধ্যেই আবার পিচ উঠে যায়। স্থায়ী সমাধান না হলে এ দুর্ভোগ কমবে না।
কুমিল্লা থেকে আসা জোনাকি পরিবহনের যাত্রী ইলিয়াস মিয়া বলেন, দিনের বেলায় গর্তগুলো দেখা গেলেও রাতে চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনার আশঙ্কা নিয়েই যাতায়াত করতে হচ্ছে।
প্রাইভেটকার চালক কবির হোসেন বলেন, বৃষ্টির কারণে গর্তের গভীরতা বেড়েছে। গাড়ির চাকা গর্তে পড়লে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকে। মহাসড়কের এই অংশ এখন দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত হয়েছে।
এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী শামীম রেজা বলেন, টানা বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। বিষয়টি আমাদের নজরে রয়েছে। বৃষ্টির কারণে সংস্কারকাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে সড়কটি সংস্কার করা সম্ভব হবে।