মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
শ্রীনগরে অস্ত্র ব্যবসায়ী বিকাশ ৩ টি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার
চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী ও বিকাশ গ্রুপের প্রধান বিকাশ মোড়ল (৩২) সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযানে পালিয়ে যাওয়ার ৮ মাস ১৮ দিন পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের মধ্য বাঘড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যে বসতবাড়িতে তলাসী চালিয়ে ৩টি অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অস্ত্র গুলোর মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি পাইপগান ও ১ টি এয়ারগান। গ্রেপ্তারকৃত খালেদ হাসান বিকাশ মোড়ল মধ্য বাঘরা এলাকার কাশেম মোড়লের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী শ্রীনগরের বাঘরা এলাকায় চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসী বিকাশ গ্রুপের প্রধান বিকাশের বাড়িতে তল্লাশী চালায়। এ সময় ১টি দেশীয় শুটারগান, ৪ রাউন্ড গুলি, ২২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের আগেই পালিয়ে যাওয়ায় বিকাশকে গ্রেপ্তার করতে পারেনি যৌথ বাহিনী। অবশেষে পলাতক থাকার ৮ মাস ১৮ দিন পর মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী বিকাশ তার বাহিনীর সদস্যদের নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। তাঁর বিরুদ্ধে মুন্সীগঞ্জের শ্রীনগর থানা ও ঢাকার দোহার থানায় ১৪টি মামলা রয়েছে। এলাকায় তাঁর নেতৃত্বাধীন বিকাশ বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
পুলিশ জানিয়েছে, গোপন তথ্যে বিকাশ মোড়ল বাড়ীতে অবস্থান করছে জানতে পেরে পুলিশ সুপার মো. বদরুদ্দোজার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমানের তত্ত্বাবধানে শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার, শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আতাউর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল বাঘরা এলাকায় অভিযান অভিযান চালিয়ে ১৪ মামলার আসামী বিকাশকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১টি দেশীয় তৈরি পাইপগান, ১টি এয়ারগান, ৪ রাউন্ড শটগানের কার্তুজ, ২টি স্টিলের পাইপ এবং ১টি কালো রঙের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধার করা বিদেশি পিস্তলের গায়ে ইউএসএ লেখা রয়েছে। এ ছাড়া এয়ারগানটির গায়ে বিবি এবং কাপড়ের ব্যাগে অ্যাক্টিভ হানটার লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, সন্ত্রাসী কার্যকলাপের কারণে খালেদ হাসান বিকাশ মোড়লের (৩২) নামে মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় এবং পার্শ্ববর্তী ঢাকা জেলার দোহার থানায় ১৪ টি মামলা দায়ের হয়। সে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আত্নগোপনে থাকেন। দীর্ঘদিন ধরে শ্রীনগর থানা পুলিশ তার চলাচলের উপর নজরদারী রাখছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সফল অভিযান পরিচালনা করে বিকাশকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।