সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বাবা গোলাপ হোসেন ও তাঁর পাঁচ বছর বয়সী কন্যাশিশু তওবা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গুদারাঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত গোলাপ হোসেনের স্ত্রী শিউলি বেগম, শাশুড়ি মাহমুদা বেগম, মা হাসি বেগম, বাবা জয়নাল মিয়া, আব্দুল আজিজ মাতবর, শেখ ফরিদ, আবুল হোসেনসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে স্বজনরা বলেন, গোলাপ হোসেন ও তাঁর পাঁচ বছর বয়সী কন্যাশিশু তওবা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সোহরাব বেপারী ও আমির হোসেন মাতবরসহ জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো আসামি যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যেতে না পারে, সে দাবিও জানান তাঁরা।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর দিনগত রাতে সিরাজদিখান উপজেলার পাথরঘাটা এলাকায় পাঁচ বছর বয়সী শিশু তওবাকে গলা কেটে হত্যা করা হয়। একই ঘটনায় তার বাবা গোলাপ হোসেনকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও জোরপূর্বক বিষপান করানো হয় বলে অভিযোগ রয়েছে।
পরদিন ২৯ অক্টোবর উপজেলার রামকৃষ্ণদী গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে তওবার মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলাপ হোসেন।
এ ঘটনায় ২৯ অক্টোবর সোহরাব বেপারীকে আটক করে পুলিশ। ওই দিন দিবাগত মধ্যরাতে সোহরাব বেপারীকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন নিহত গোলাপ হোসেনের বাবা জয়নাল মিয়া।