সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি জোরদার করেছে হাইওয়ে পুলিশ। সড়কে নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। বিভিন্ন যানবাহনে তল্লাশিও চালানো হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা যাত্রী ছাউনি এলাকায় এ কার্যক্রম শুরু হয়।
এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। পাশাপাশি চালকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সদস্যরা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল তুলনামূলক কম রয়েছে। তবে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বৈরী আবহাওয়ার কারণে এক্সপ্রেসওয়েতে যান চলাচল কম রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে পুলিশ মাঠে কাজ করছে। টহল টিম ও চেকপোস্ট রয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।