এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, শ্রীনগর
পরীক্ষার ফলাফলে অনিয়ম ও প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীদের সুবিধা দেওয়ার অভিযোগে
হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী হাসাড়া কালীকিশোর স্কুল এন্ড কলেজের ২০২৭ এসএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশে অনিয়ম, প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীদের পরীক্ষার হলে অবৈধ সুবিধা দেওয়া এবং অভিযোগের কোনো সমাধান না করে শিক্ষকদের চলে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রতিষ্ঠান অবস্থানকালে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী জানা যায়, গত ১৫ নভেম্বর ওই প্রতিষ্ঠানের এসএসসি টেষ্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পর দেখা যায়, অনেক শিক্ষার্থীই মাত্র ২ থেকে ৪ নম্বরের জন্য অকৃতকার্য হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানের যেসব শিক্ষক প্রাইভেট পড়ান, তাদের কাছে পড়া শিক্ষার্থীদের পরীক্ষার হলে গিয়ে প্রশ্নের উত্তর বলে দেওয়া হয়েছে। অথচ সাধারণ শিক্ষার্থীদের সামান্য ২-৩ নম্বরের ঘাটতি থাকলেও তাদের উত্তীর্ণ করা হয়নি।
অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি, ফলাফল প্রকাশের পর থেকে টানা পাঁচ দিন ধরে তারা বিষয়টি নিয়ে শিক্ষকদের দ্বারস্থ হচ্ছেন। কিন্তু শিক্ষকরা তাদের কোনো কথায় কর্ণপাত না করে দিনের পর দিন ঘুরাচ্ছেন এবং শিক্ষার্থীদের হয়রানি করছেন।
সর্বশেষ কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, সামান্য নম্বরের জন্য যারা অকৃতকার্য হয়েছে তাদের বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। সেই আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থী ও অভিভাবকেরা বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হন। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর শিক্ষকরা উপস্থিত হয়ে মাত্র দুই-পাঁচ মিনিটের মধ্যে দায়সারা কিছু কথা বলে এবং ইউএনও (UNO) স্যারের দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে যান। কোনো প্রকার সমাধান ছাড়াই শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় বিক্ষুব্ধ এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, "পাঁচ দিন যাবৎ শিক্ষকরা তাদের নিজেদের মতো কাজ করছেন, আমাদের কোনো কথাই শুনছেন না। বাচ্চাদের হয়রানি করা হচ্ছে। আজ বিকেল ৩টায় কথা বলার সময় দিয়েও তারা দু-চারটি কথা বলে আমাদের কুকুর-বিড়ালের মতো ফেলে রেখে চলে গেলেন।"
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী জানায়, "আমাদের আশা দেওয়া হয়েছিল যে আজ কিছু একটা সমাধান দেবে। যারা শিক্ষকদের কাছে প্রাইভেট পড়ে, তাদের হলে গিয়ে উত্তর বলে দেওয়া হয়। অথচ আমরা ২-৪ নম্বরের জন্য আটকে গেছি। আজ সমাধানের আশায় এসেছিলাম, কিন্তু শিক্ষকরা কোনো কথা না বলেই চলে গেলেন।"
এ ঘটনায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেছেন