মুন্সীগঞ্জ প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির আশঙ্কার মধ্যেও মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।
হাইওয়ে পুলিশ ও পদ্মা সেতু (উত্তর) থানা সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহনের চলাচল তুলনামূলক কম রয়েছে। তবে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে নজরদারি করা হচ্ছে।
পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, অন্যান্য দিনের মতোই পদ্মা সেতু ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এসআরবি, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে টহল জোরদার করা হয়েছে। যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতু সাইট অফিসের (মাওয়া, মুন্সীগঞ্জ) নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বলেন, পদ্মা সেতুতে অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে যানবাহনের সংখ্যা কিছুটা কম।