নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.
মুন্সীগঞ্জের গজারিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের অগ্নি নিরাপত্তা ও নির্বাপণ প্রশিক্ষণ এবং মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়।
গজারিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবু নোমান সোহেলীর সভাপতিত্বে প্রশিক্ষণ পরিচালনা করেন গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া।
প্রশিক্ষণে শিক্ষার্থীদের হঠাৎ আগুন লাগলে তা নেভানোর উপায়, ভূমিকম্প প্রতিরোধে করণীয়, হঠাৎ ভূমিকম্প হলে করণীয়,দুর্ঘটনায় আহতদের উদ্ধারের পদ্ধতি এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানোসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয়। এবং ১০২ হটলাইন নাম্বার ও গজারিয়া ফায়ার স্টেশনের মোবাইল নম্বর ০১৯০১০২০০৯২৮ প্রচার করা হয়।
এ সময় শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো দুর্যোগে যেন তাঁরা প্রস্তুত থাকতে পারেন, সে বিষয়ে অভিজ্ঞতা ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে এই প্রশিক্ষণের মাধ্যমে।