মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ কলেজে পাসের হার বাড়লেও শতভাগ পাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ
২০২৭ সালের এইচএসসিতে ৫০ শতাংশ জিপিএ-৫ অর্জনের আহ্বান জেলা প্রশাসকের
২০২৭ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস এবং অন্তত ৫০ শতাংশ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১২টায় মুন্সীগঞ্জ কলেজ প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশ ও প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
‘সন্তান আপনার শ্রেষ্ঠ সম্পদ, সন্তানের শিক্ষায় বিনিয়োগ সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. বায়েজীদ বোস্তামী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মুন্সীগঞ্জ কলেজের পাসের হার প্রায় ৫৯ শতাংশ, যা জাতীয় গড় পাসের হারের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। দক্ষ শিক্ষক মণ্ডলীর আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় কলেজের ফলাফলে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এ ধারাবাহিকতা বজায় রেখে আগামী বছরের পরীক্ষায় শতভাগ পাস ও অন্তত ৫০ শতাংশ জিপিএ-৫ অর্জনের লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি নিয়মিত ক্লাসে উপস্থিতি, নির্ধারিত রুটিন অনুসরণ ও কঠোর অধ্যবসায়ের পরামর্শ দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের ব্যবহার সীমিত রেখে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। শুধু পড়াশোনা নয়, খেলাধুলা, বিতর্ক, বিজ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিয়ে মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব দেন তিনি।
অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের দুর্বল বিষয় চিহ্নিত করে পৃথক গ্রুপভিত্তিক অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা এবং নিয়মিত অগ্রগতি মূল্যায়নের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি সন্তানদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।